ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর বুশেহর প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং উন্মুক্ত গোয়েন্দা তথ্য (ওপেন-সোর্স ইন্টেলিজেন্স) বিশ্লেষণ করে বিভিন্ন সূত্র এ দাবি করেছে।
তবে গালফ নিউজ জানিয়েছে, তারা স্বাধীনভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। একই সঙ্গে ইরানি কর্তৃপক্ষও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বুশেহর ও আশপাশের এলাকায় বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করলেও কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা এতে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
স্থানীয় বাসিন্দারাও প্রদেশজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার ঘটনায় ধারণা করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুতাগার, ড্রোন অবকাঠামো বা আইআরজিসির কমান্ড স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।
তবে ওয়াশিংটন ও তেহরান—কোনো পক্ষই এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি।




Comments