Image description

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ স্ক্রিনিং ও জমকালো কনসার্ট। আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে দুই ভিন্ন ভেন্যুতে দর্শকদের বিনোদন দিতে মঞ্চে উঠবেন আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।

রোববার (১৯ জুলাই) রাতে বনানীর পূজা মাঠে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব। তার সঙ্গে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করে আলোচনায় আসা সঞ্জয় দেব সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্বকাপ ফ্যানফেস্টেও অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের মাতাতে এসেছেন তিনি।

আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন সঞ্জয় দেব। অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে যোগ দেবেন।

অন্যদিকে, রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে অনুষ্ঠিত হবে আরেকটি বিশেষ আয়োজন। বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া মঞ্চে পারফর্ম করবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।

রোববার রাত থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে সোমবার (২০ জুলাই) সকাল পর্যন্ত। বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে উৎসবমুখর এক রাত।