Image description

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে এবার মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু হওয়া এ বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলন চলাকালে কয়েকটি স্থানে পুলিশি হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এমন পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Justice for Students’ লেখা একটি ছবি শেয়ার করেন নেহা কক্কর। পোস্টে তিনি লেখেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থীর পাশে আমি আছি। আমি তোমাদের সমর্থন করি এবং তোমাদের শক্তির জন্য প্রার্থনা করি। তোমাদের স্বপ্নের মূল্য অনেক। শক্ত থেকো।’

নেহার এই বার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য ভক্ত ও অনুসারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানানোর জন্য তার প্রশংসা করেন। অনেকের মতে, জনপ্রিয় একজন শিল্পীর এমন সমর্থন আন্দোলনরত শিক্ষার্থীদের মনোবল বাড়াবে।

তবে এ নিয়ে সমালোচনাও হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার পরিবর্তে সরাসরি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আবার কেউ কেউ তার অবস্থানকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

এর আগে সালমান খান, অরিজিৎ সিং, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখসহ বলিউডের বেশ কয়েকজন তারকা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নেহা কক্কর।