ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ষড়যন্ত্র
পেশাদার ব্ল্যাকমেইলার চক্রের কবলে শিল্পপতি নজরুল
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী | মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী
দেশের অর্থনীতি ও আবাসন খাতে দীর্ঘ কয়েক দশক ধরে অবদান রেখে আসা প্রবীণ শিল্পপতি এবং আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সুদীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্মান ধূলিসাৎ করতে এক সুপরিকল্পিত চক্রান্তের ছক আঁকা হয়েছে। বিজ্ঞাপনের চুক্তির বাহানা ধরে অফিসে প্রবেশ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ব্ল্যাকমেইলিং ফাঁদ পেতেছিল একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। তবে শিল্পপতি নজরুল ইসলাম তাদের অসৎ প্রলোভন ও হুমকিতে নতি স্বীকার না করায়, এখন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী মিডিয়া ব্রিফিং ও সোশ্যাল মিডিয়া ট্রলের মাধ্যমে মিথ্যা ও অলৌকিক নির্যাতনের গল্প ছড়াচ্ছেন। ব্যবসায়ী প্রতিপক্ষের দাবার ঘুঁটি হিসেবে কাজ করা অভিযোগকারী অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী ভুক্তভোগী সেজে সংবাদ সম্মেলন করলেও, তার প্রতিটি দম্ভোক্তি ও বয়ানের নেপথ্যে রয়েছে সুস্পষ্ট জালিয়াতি, অসঙ্গতি এবং পেশাদার ব্ল্যাকমেইলিংয়ের প্রমাণ।
বিজ্ঞাপনের বাহানায় পরিকল্পিত অনুপ্রবেশ ও জিম্মি করার অপচেষ্টা: ঘটনার সূত্রপাত তথাকথিত ২০ লাখ টাকার বিজ্ঞাপনী চুক্তির অফার দিয়ে। অনুসন্ধানে জানা গেছে, অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী কোনো স্বাভাবিক প্রাতিষ্ঠানিক কাজের উদ্দেশ্যে অফিসে যাননি। তিনি পূর্বপরিকল্পিতভাবে ব্যবসায়ী নজরুল ইসলাম ভূঁইয়াকে একটি ভুয়া ও আইনি ঝুঁকিপূর্ণ নথিতে সই করানোর উদ্দেশ্যে সেখানে যান। দীর্ঘদিন ধরে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসা এই শিল্পপতি তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। তখন তিনি জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাইরে থাকা নিরাপত্তাকর্মীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। নজরুল ইসলামকে সামাজিকভাবে ধ্বংস করার হুমকি দিয়ে জিম্মি করার চেষ্টা করা হয়। কিন্তু নজরুল ইসলাম সাহসিকতার সঙ্গে তাদের অসৎ প্রস্তাব প্রত্যাখ্যান করলে চক্রটি বিকল্প হিসেবে 'মিথ্যা নির্যাতনের নাটক' সাজানোর কৌশল বেছে নেয়।
চিকিৎসাবিজ্ঞান ও বাস্তবতাবহির্ভূত কাল্পনিক নির্যাতনের দাবি: সংবাদ সম্মেলনে স্নিগ্ধা চৌধুরী দাবি করেছেন, তাকে টানা দুই ঘণ্টা হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছেন নজরুল ইসলাম। তার ভাষ্যমতে, চুল ধরে স্পাইনাল কর্ডে আঘাত, উরু ও পিঠে প্রহার এবং দুই পায়ের পাতায় মোটা লাঠি দিয়ে টানা ১৪ বার আঘাত করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের মৌলিক নিয়ম এবং সাধারণ মানবদেহের গঠন অনুযায়ী, কোনো মানুষের পায়ের পাতায় মোটা লাঠি দিয়ে ১৪ বার সজোরে আঘাত করা হলে সেখানে হাড় ভেঙে যাওয়া বা রক্ত জমাট বেঁধে তাৎক্ষণিক হাসপাতালে আইসিইউতে ভর্তির অবস্থা তৈরি হওয়া নিশ্চিত। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, তথাকথিত ঘটনার পরদিনই স্নিগ্ধা চৌধুরী ধুয়ে-মুছে সুসজ্জিত হয়ে সংবাদ সম্মেলনে মিডিয়ার সামনে দীর্ঘক্ষণ হেঁটে হেঁটে বক্তব্য দিচ্ছেন, কোনো প্রকার দৃশ্যমান গুরুতর শারীরিক প্রমাণ ছাড়াই। কফিতে বিষাক্ত দ্রবণ মেশানো কিংবা শরীরে গরম কফি ঢেলে দেওয়ার মতো যেসব বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে, তা কোনো ভৌতিক সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়।
সিসিটিভি ও ভবনের সুরক্ষার মুখে লাফ দিয়ে পালানোর অলৌকিক গল্প: অভিযোগের সবচেয়ে হাস্যকর ও কাল্পনিক অংশটি হলো আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের তথাকথিত 'টর্চার সেল' থেকে তার পালানোর বিবরণ। ভবনটি সর্বাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট নিরাপত্তাবেষ্টিত একটি স্থাপনা। তিনি দাবি করেছেন, দরজা খোলা পেয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে বারান্দায় উঁকি মেরে নিচে লাফ দিয়েছেন এবং অক্ষত অবস্থায় ৩০০ ফিট রোডে গিয়ে সাধারণ একটি চলন্ত অটোতে উঠে চলে গেছেন। উঁচুতলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে একজন মানুষের সামান্য একটি আঁচড়ও না লাগা কিংবা হাড় না ভাঙা কোনো বৈজ্ঞানিক বাস্তবতায় সম্ভব নয়। মূলত, মেডিকেল কলেজের মতো একটি স্পর্শকাতর ও নিরাপত্তাবেষ্টিত স্থানে কীভাবে তিনি প্রবেশ করেছিলেন এবং কীভাবে বের হয়েছিলেন, তার সব সিসিটিভি ফুটেজ ডিজিটাল আর্কাইভে সংরক্ষিত রয়েছে। এই লাফ দেওয়ার কাল্পনিক গল্প ছড়ানো হয়েছে সিসিটিভি ফুটেজের প্রকৃত সত্য আড়াল করতে এবং জনমনে সস্তা নাটকীয় আবেগ তৈরি করার জন্য।
'জেবা তাকিয়া' বিতর্ক—ভুল পরিচয় নাকি পূর্বপরিকল্পিত চাল: স্নিগ্ধা চৌধুরী সংবাদ সম্মেলনে দাবি করেন, তাকে 'জেবা তাকিয়া' নামে অন্য এক নারীর সঙ্গে গুলিয়ে ফেলে নজরুল ইসলাম বিয়ের জন্য চাপ দিয়েছেন এবং পুরোনো অর্থ লেনদেনের হিসাব মিলাতে নির্যাতন করেছেন। কিন্তু এই বয়ানের ভেতরেই লুকিয়ে আছে চরম বৈপরীত্য। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার সঙ্গে বহু বছর ধরে ব্যবসায়িক ও সামাজিক পরিমণ্ডলের যোগাযোগ, তিনি সম্পূর্ণ অপরিচিত একজন অভিনেত্রীকে হঠাৎ অন্য একজন নারী ভেবে নির্যাতন করবেন—এমন দাবি অত্যন্ত হাস্যকর। অনুসন্ধানে দেখা গেছে, নজরুল ইসলামের পুরোনো কোনো আইনি জটিলতা বা বিষয়ের নাম ব্যবহার করে একটি কৃত্রিম আখ্যান তৈরি করাই ছিল স্নিগ্ধার মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ এবং মিডিয়াকে সহজেই বিভ্রান্ত করা যায়।
ডিজিটাল ট্রল ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চরিত্র হনন: কাজে ব্যর্থ হয়ে এবং ব্যবসায়ী নজরুল ইসলাম তাদের পাতা ফাঁদে পা না দেওয়ায়, চক্রটি এখন খিলক্ষেত থানায় একটি ভিত্তিহীন মামলা ঠুকে দিয়ে মিডিয়া ট্রায়াল শুরু করেছে। নিরপেক্ষ তদন্তের অপেক্ষা না করেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তারা জনমনে একমুখী ঘৃণা তৈরির চেষ্টা চালাচ্ছে। কোনো আদালতের বিচার বা আইনি নিষ্পত্তি ছাড়াই একজন প্রতিষ্ঠিত প্রবীণ ব্যবসায়ীকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো এবং 'বাংলার এপস্টেইন' জাতীয় উদ্দেশ্যপ্রণোদিত শব্দ ব্যবহার করা মূলত সম্মানহানি করে অর্থ আদায়ের এক অপকৌশল। ইতোপূর্বেও এই চক্রটি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গকে একইভাবে টার্গেট করে ভুয়া কাগজ ও 'ভিকটিম কার্ড' খেলে অর্থ হাতিয়ে নিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
কথায় বৈপরীত্য: অভিনেত্রী স্নিগ্ধা নিজের মিথ্যার বেসাতিতে অনেকের হাস্যরসের পাত্র হয়েছেন। একবার তিনি বলছেন, নজরুল ইসলামকে বিয়ে করতে না চাওয়ায় তার ওপর নির্যাতন করা হয়েছে। আবার বলছেন, মডেল বানানোর কথা বলে ডেকে নিয়ে চাহিদামতো টাকা না দেওয়ায় তাকে হেনস্তা করা হয়েছে। নিজের ওপর নির্যাতনের বর্ণনা তিনি যেভাবে করেছেন, তাতে দৌড়ে পালানো কীভাবে সম্ভব? তিনি বলেছেন, নির্যাতনের কারণে তিনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। আবার বলছেন, দৌড়ে পালিয়ে নিজ বাসায় চলে গেছেন। সেন্সলেস একজন মানুষ কীভাবে দৌড়ে পালাতে পারেন, সেই ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।
আইনি তদন্ত ও ব্ল্যাকমেইলার চক্রের শাস্তির দাবি: মিডিয়ার সামনে আসা এই সব সাজানো রূপকথা ও ডিজিটাল অপপ্রচারের পেছনে আসল সত্যটি একেবারেই স্পষ্ট—এটি একটি ঠান্ডা মাথার ব্ল্যাকমেইলিং ও জালিয়াতির চেষ্টা। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ, অভিযুক্তদের মোবাইল লোকেশন, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং ডিজিটাল তথ্যগুলোর নিরপেক্ষ ফরেনসিক বিশ্লেষণ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত কোনো চটকদার গল্পে বিভ্রান্ত না হয়ে, স্নিগ্ধা চৌধুরীর এই ডিজিটাল প্রতারণার পেছনে মূল ইন্ধনদাতাদের খুঁজে বের করা। প্রবীণ এই শিল্পপতির সম্মান রক্ষা এবং একটি পেশাদার অপরাধী চক্রকে আইনের মুখোমুখি এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই এখন সময়ের দাবি।




Comments