যশোরে তারেক রহমান
১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের রাজনৈতিক চিত্র তুলে ধরে বলেছেন, এটি দেশপ্রেমিক ও দেশবিরোধীদের লড়াই। তিনি সতর্ক করেছেন, ভোট গণনা দেরি বা কারচুপির চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে এবং দেশের প্রতিটি নাগরিকের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায়। বিএনপি সরকার গঠিত হলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, কৃষকের দোরগোড়ায় ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন, দেশের ফুল চাষ আধুনিকায়ন করে রফতানির ব্যবস্থা করা হবে এবং বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করে আখ চাষিদের স্বাবলম্বী করা হবে। এছাড়া বেকারত্ব কমাতে প্রতিটি এলাকায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও আইটি পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানের উপদেষ্টা মেহেদী আহমেদ ধ্বনি, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments