স্বাধীনতার পর অনেক সরকার এলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “স্বাধীনতার পর দেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজ টেকনাফ থেকে তেঁতুলিয়া সব মানুষ জেগে উঠেছে। তারা আর কোনো জুলুম বা ধোঁকাবাজি মেনে নেবে না।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বীর চাটগাঁর মানুষ সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে। এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। যদি কেউ টাকা দিয়ে ভোট কিনতে আসে, তবে তাদের ধরে আইনের হাতে তুলে দেবেন। আগে একটি স্লোগান ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’। এবার আর তা হবে না। যারা জাল ভোট দিতে বা অন্যের ভোট কেড়ে নিতে আসবে, তাদের হাত গুটিয়ে দেওয়া হবে।”
বিকেলে আমীর জনসভাস্থলে পৌঁছালে কয়েক লাখ নেতা-কর্মী মিছিল ও গগণবিদারী স্লোগানে তাঁকে স্বাগত জানান। জনসভায় তিনি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক আমিরুজ্জামান, অধ্যাপক নূরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যাপক নূরুল আমিন, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু এবং চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি দোলন দেব, ডাকসু ভিপি এস এম ফরহাদ, চবি শিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীসহ ১১ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস, এবি পার্টি ও নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় সীতাকুণ্ড, আকবরশাহ, সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও মিরসরাই উপজেলার জামায়াত আমীর ও স্থানীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments