Image description

ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৯৬৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮ ভোট।

মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪ ও ১৬ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। আসনটিতে মোট ১২৭টি ভোটকেন্দ্র রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকালবেলা ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। মোট ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়া ৫৯টি স্থানে জালভোট এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/আরআই