মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকার ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় সংগঠনটির ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডির ২ নম্বর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।
তিনি জানান, ভোর বেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়। মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করে। এসময় ৭ জন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




Comments