বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সব অগণতান্ত্রিক ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাত ও রক্তপাতের কারণে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে মানুষের মধ্যে গণতন্ত্র ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জোরালো হয়ে ওঠে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। ২, ৩ ও ৪ নভেম্বর দেশ গভীর সংকটের মধ্য দিয়ে যায়। সে সময় আবারও বাকশাল প্রতিষ্ঠা এবং নাগরিকদের স্বাধীনতা কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন পথের দিশা পায়।
বিএনপির এই নেতা আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা ও মুক্তির স্বাদ পায়। জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা অর্জন করে। তাঁর নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
রিজভী বলেন, ৭ নভেম্বরের পর স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হয়েছিল। তবে দেশি-বিদেশি ষড়যন্ত্র থেমে থাকেনি। চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হলেও ৭ নভেম্বরের চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ৭ নভেম্বরের চেতনায় স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের শাসনের অবসান ঘটে এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। পরবর্তী সময়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও এই চেতনা জনগণকে অনুপ্রাণিত করেছে।
২০০৯ সালে বাকশালের নতুন রূপ তৈরি করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, সে সময় দেশে গুম, খুন ও গুপ্তহত্যার সংস্কৃতি গড়ে ওঠে এবং মানুষ ভয়ে কথা বলতে পারত না। দীর্ঘ ১৭ বছরের সেই প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। এই আন্দোলনের পেছনেও ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ৭ নভেম্বরের তিনটি মূল অঙ্গীকার হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র। এই প্রত্যয় নিয়েই ২০২৪ সালের জুলাইয়ে দেশের মানুষ অপশক্তিকে পরাজিত করেছে।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিনামূল্যে সার বিতরণ, কৃষক ও হতদরিদ্রদের ফ্যামিলি কার্ড প্রদান এবং দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতির অংশ হিসেবে গত সাত-আট মাসে প্রায় এক হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বিভিন্ন এলাকায় ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। পার্শ্ববর্তী দেশ থেকেও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে কেউ ভিন্ন কথা বললে কিংবা রাজনৈতিক দলগুলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে জনগণ তা পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, দেশের মানুষ ও জাতীয়তাবাদী শক্তি ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনায় উজ্জীবিত। সেই চেতনায় বলীয়ান হয়ে সব অগণতান্ত্রিক ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত রয়েছে।
বিএইচ
