বরিশাল-২ আসন
বরিশালে সংখ্যালঘু ভোটে নির্ধারিত হতে পারে ফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দলবদল, সংখ্যালঘু ভোটের গুরুত্ব এবং তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষ—সব মিলিয়ে এই আসনে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ।
সম্প্রতি বিএনপির একাধিক শীর্ষ ও তৃণমূল নেতার জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে বানারীপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মাহমুদ মাহবুব মাস্টার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দেওয়ায় ভোটের চিরাচরিত হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, বিএনপি প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে নামাতে না পারার অভিযোগ উঠেছে। এ নিয়ে দলের ভেতরে বাড়ছে চাপ ও তৃণমূলের অসন্তোষ।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৮০৮ জন। এর মধ্যে সংখ্যালঘু ভোটার রয়েছেন ৮৯ হাজার ৪৬২ জন—যা মোট ভোটের প্রায় ২৩ শতাংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিশাল ভোটব্যাংকই শেষ পর্যন্ত ‘কিংমেকার’ হিসেবে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে।
স্থানীয় সংখ্যালঘু ভোটাররা বলছেন, এবার তাদের ভোটের গুরুত্ব বেড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে সরাসরি যোগাযোগ রক্ষা করছে।
নির্বাচনী সুবিধা আদায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন পক্ষের তৎপরতা চলছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, এই সুযোগে একটি দালালচক্র সক্রিয় হয়ে অর্থ লেনদেনে লিপ্ত রয়েছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিএনপি প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “দলের আদর্শ ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ যদি অনৈতিক কাজ করে, তবে তার দায় আমি নেব না।”
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান বলেন, “সব সম্প্রদায়ের মানুষ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানিয়েছেন, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অবৈধ প্রভাব বা পেশিশক্তির ব্যবহার বরদাস্ত করা হবে না।
ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বরিশাল-২ আসন এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তবে চূড়ান্ত ফয়সালা হবে ব্যালটেই।
মানবকণ্ঠ/ডিআর




Comments