Image description

সকাল সাড়ে সাতটা। ঘড়ির কাঁটা স্পর্শ করতেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে ভোট শুরুর আগে থেকেই চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীর কেন্দ্রগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়। 

শীতের সকাল উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন ভোটাররা। তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্র গুলোতে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ১১৮টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। শীতের প্রকোপের কারণে প্রথম এক ঘন্টার ভোটচিত্রে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এইচিত্র ধীরেধীরে পাল্টাতে থাকে। তবে এ সময়ের মধ্যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রয়েছে কড়া অবস্থান। পুলিশ ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যদের ভোট কেন্দ্রগুলোর কাছে টহল দিতে দেখা যায়।

সরেজমিনে বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়, চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদ্রুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাইলধর বশিরুজ্জামান চৌধুরী স্মৃতি শিক্ষা কেন্দ্র, দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় পুরুষ ভোটারদের দেখা না গেলেও মহিলাদের উপস্থিতি ছিল অনেক বেশি।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম সকাল ৮টায় নিজ বাড়ি বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এরশাদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটপ্রদান করেন। 

সুন্নীজোটের প্রার্থী এসএম শাহজাহান ভোটপ্রদান করেন চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রুদ্রুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং জামায়াত ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাহামুদুল হাসান চৌধুরী সকাল সাড়ে ৭ টায় হাইলধর দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

আনোয়ারা ডুমুরিয়ায় নিজ কেন্দ্রে ভোট প্রদানের পর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানালেন বৃহত্তর সুন্নীজোট মোমবাতি প্রতীকের প্রার্থী এসএম শাহজাহান। তিনি বলেন, 'মানুষ মোমবাতি প্রতীকের পক্ষে সতস্ফুর্তভাবে ভোট দিচ্ছে। ভোট সুষ্ঠু ও কারচুপিমুক্ত হলে ইনশাআল্লাহ ব্যালট বিপ্লবের মাধ্যমে মোমবাতি বিশাল জয় পাবে। নতুন প্রজন্ম, বাপ-ভাই, মা বোন সবাই মোমবাতিকে বেছে নিয়েছে।'

জামায়াত ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রত্যেক প্রার্থীর এজেন্টরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ-নিজ দায়িত্ব পালন করছে।

চট্টগ্রাম ১৩ এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ৬২৪৬ জন। এরমধ্যে জন পুরুষ ২ লাখ ৭ হাজার ৭১৪ জন নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫৩২।