Image description

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার জন্য নির্যাতিতা গৃহবধূ ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করলে তিনি আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযুক্ত হাতেম আলী (৫৫) টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।  

রোববার ( ২৯ মার্চ) ভুক্তভোগী নারী গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে হাতেম আলী ভুক্তভোগী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ রান্না ঘরের কাজ শেষে ঘরে ফেরার পর সুযোগ বুঝে তিনি ঘরে প্রবেশ করেন। এ সময় পাশের কক্ষে সন্তানরা পড়াশোনা করছিল এবং ঘরে অন্য কেউ না থাকায় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান। আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করলে তিনি আহত হয়ে পালিয়ে যান। পরে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত তাকে আশ্বস্ত করেছে যে তারা সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। তবে তিনি ইতোমধ্যে থানায় অভিযোগ করেছেন এবং ন্যায়বিচার না পেলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, একজন মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন ন্যাক্কারজনক আচরণ কোনো ভাবেই প্রত্যাশিত নয়। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দ্রুত তাকে কমিটির দায়িত্ব থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক ভাবে জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।