Image description

শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক বলেছেন, দেশে পরীক্ষায় নকল এখন প্রায় উঠে গেছে এবং এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সময়ের পরিবর্তনে নকলের ধরনও বদলেছে—ডিজিটাল মাধ্যমে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা মোকাবেলায় সরকার গুরুত্ব দিচ্ছে।

বুধবার (৭ এপ্রিল) বরিশাল নগর ভবনের সম্মেলন কক্ষে বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “নকল শব্দটি এখন আপাতত নেই বললেই চলে। এক সময় নকল বড় সমস্যা ছিল, কিন্তু শিক্ষকরাই তা বন্ধ করেছেন। তাই নকল নিয়ে আমি এখন খুব বেশি চিন্তিত নই। তবে নকলের ‘কালার’ বা ধরন বদলেছে। এখন এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর বের করা হচ্ছে—এই ডিজিটাল নকলের দিকটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

তিনি আরও জানান, ১৯৯৯ সালের আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে নতুন ম্যানেজমেন্ট কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এনটিআরসির মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রমও শুরু হচ্ছে বলে জানান তিনি।

পরীক্ষা ব্যবস্থাপনা আরও কঠোর করতে এমপি, ডিসি ও এসপিদের সমন্বয়ে সিটি টিভি (সিসিটিভি) স্থাপনের কথাও উল্লেখ করেন মন্ত্রী।

বরিশালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ধান, নদী ও খাল—এই তিনের জন্য বরিশাল পরিচিত। তাই এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।”

সভায় উপস্থিত ছিলেন; বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এদিকে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা উপলক্ষে বরিশাল শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গেও মতবিনিময় করেন।