Image description

জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচারের মাধ্যমে তার অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে রূপগঞ্জবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম প্রধান একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলায় তার অবদান রয়েছে। তিনি হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। একটি মহল এসব কারণে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, সেলিম প্রধানকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতার দেখানো হয়েছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ৪ বছরেরও বেশি সময় কারাভোগ করতে হয়েছে। সেসময় বিএনপির অর্থদাতা ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে তাকে নির্যাতন করা হয় বলে তারা উল্লেখ করেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিলের মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির বলেন, “সেলিম প্রধান এখন ষড়যন্ত্রের শিকার। তিনি ইতোমধ্যে দুটি মামলায় জামিন পেয়েছেন। এরপরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে ফের গ্রেফতার দেখানো হচ্ছে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানাই।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মো. রাকিব, জাপান-বাংলাদেশ আড়তের সদস্য আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. কবির শেখ, ঈসমাইল সজিব, আল আমীনসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

প্রসঙ্গত গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস থেকে সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানকে গ্রেফতার করে পুলিশ। পরে ২০ অক্টোবর মাদক মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি তার জামিন মঞ্জুর করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাকে সন্ত্রাসবিরোধী আইনে (বৈষম্য বিরোধী) অপর একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই মামলায় তাকে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়। আদালত আবেদন মঞ্জুর করলে সেলিম প্রধান এখনও কারাগারে রয়েছেন।

মানবকণ্ঠ/আরআই