Image description

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। রোববার ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জনতা চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাত চারটার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে।

চোর চক্রের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা তিনজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা ওই তিনজনকে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে।