ঢাকার ধামরাইয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর পরিবহন খাত ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই নাশকতামূলক কর্মকাণ্ড রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতাকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন পরিবহন মালিক ও চালকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, কোনো অবস্থাতেই সড়ক বা ফাঁকা জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না। কেউ যদি এই নিয়ম অমান্য করে ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং করে, তবে তা সরাসরি ডাম্পিং করা হবে এবং এর জন্য প্রশাসন কোনো দায় নেবে না। জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি পরিবহনগুলো নিরাপদ রাখতে হবে।
তিনি আরও বলেন, “আপনাদের পরিবহন বা গাড়ি ফাঁকা জায়গায় না রেখে সম্পূর্ণ নিরাপদে রাখতে হবে। সেই সাথে রাতে গাড়ির সুরক্ষায় পাহারার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী দেশের ও জনগণের সম্পদ নষ্ট করার সুযোগ না পায়। শুধু পাহারা দিলেই হবে না, নিজেদেরও সর্বোচ্চ সজাগ থাকতে হবে।”
নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ প্রতিটি বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন মালিকদের নিজেদের উদ্যোগে সমন্বয় কমিটি গঠন করার ওপর জোর দেন তিনি।
জরুরি এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং ডি লিংক ও জনসেবা পরিবহনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব নাশকতার পেছনের দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে সভায় জানানো হয়।
ডিআর

