বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন বিকট শব্দে ভেঙে পড়েছে। এ সময় ক্রেনটি সামনে থাকা অপর দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে, যার ফলে জাহাজ দুটিও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে এ দুর্ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১১ নভেম্বর) সকালে বিআইডব্লিউটিএ’র বরিশাল ড্রেজার বেইজ ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সাপ্তাহিক মহড়ার অংশ হিসেবে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন বুম চালু করে পরীক্ষা করা হচ্ছিল। হঠাত্ করেই বিকট শব্দে ক্রেনের সামনের অংশ ভেঙে সামনে থাকা দুটি জাহাজের ওপর পড়ে।
উদ্ধারকারী জাহাজ নির্ভীকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকি জানান, সকালে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটির ইঞ্জিন ও ক্রেন চালুর সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়া ক্রেনের অংশ উদ্ধারে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে এবং নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে।
বিআইডব্লিউটিএর বরিশাল ড্রেজার বেইজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমান জানান, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন; ক্রেনটি ভেঙে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি গণমাধ্যমকে জানান, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালে ১৭৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ কেনা হয় এবং পরবর্তীতে এটি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ ঘাটে মোতায়েন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি দেশের বিভিন্ন বড় নৌদুর্ঘটনায় উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ডিআর

