চিরকুট লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার ইসলাম টাওয়ার আবাসিক ভবনের সপ্তম তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়েছে। একটিতে লেখা ছিল—“আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার যেন পোস্টমর্টেম না করা হয়। আব্বু-আম্মু, ধ্রুবতারা—আমি তোমাদের খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো, আমাকে মাফ করে দিতে।”
অন্য চিরকুটে লেখা ছিল—“আমি খুব করে বাঁচতে চেয়েছি, বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আমাকে…”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশও এ বিষয়ে কিছু জানায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালিক জানান, “সকালে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওড়না পেঁচানো অবস্থায় ছিল। তার বাবা একটি মামলা করেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”




Comments