Image description

‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে তদন্তের মুখে থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলাম এবং তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ফারজানা ইসলামের স্বামী হলেন আকতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি স্বামী-পুত্র ও তৃতীয় হাতের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়।”

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন বলে আবেদনে জানিয়েছে দুদক।