ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে একগুচ্ছ নতুন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর মধ্যে নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম স্থাপন, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার এবং ইনডোর সুবিধা উন্নয়নের কাজ উল্লেখযোগ্য।
শুক্রবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের নবসংস্কারকৃত মসজিদ উদ্বোধন এবং চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি ও ডাকসু নেতারা এসব তথ্য জানান। এসময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভিপি সাদিক কায়েম বলেন, "গত পাঁচ মাসে আমরা সাধারণ শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলস কাজ করেছি। আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও উন্নত ক্যাম্পাস রেখে যাওয়াই আমাদের লক্ষ্য।"
ডাকসু নেতারা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র জিমনেসিয়ামের। আমান গ্রুপের আর্থিক সহায়তায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে আধুনিক জিমনেসিয়াম স্থাপনের কাজ এখন শেষ পর্যায়ে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এই জিমে দ্রুতই আধুনিক সরঞ্জাম বসানো হবে। এছাড়া, কেন্দ্রীয় খেলার মাঠের ড্রেনেজ ব্যবস্থা ও মানোন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ২ কোটি টাকার অনুদান পাওয়া গেছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুতই এর সংস্কার কাজ শুরু হবে।
শারীরিক শিক্ষা কেন্দ্রের মসজিদটি আগে জরাজীর্ণ ছিল, যা এখন টাইলস বসিয়ে ও এসি লাগিয়ে আধুনিক করা হয়েছে। বর্তমানে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও পবিত্র রমজানের তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। এছাড়া ইনডোর অনুশীলনে অতিরিক্ত গরম ও আর্দ্রতা দূর করতে 'অ্যাডজাস্টার ফ্যান' স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম পাশের দেয়ালে তারকাঁটা লাগানো হয়েছে এবং শীঘ্রই আটটি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া উচ্চ আদালতের রায় অনুযায়ী, কেন্দ্রীয় খেলার মাঠ শুধুমাত্র খেলাধুলার কাজেই ব্যবহৃত হবে, অন্য কোনো অনুষ্ঠানের জন্য ব্যবহারের সুযোগ থাকবে না।
ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব দেওয়ার পর ঝিমিয়ে পড়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ব্যবস্থাপনায় বিভিন্ন খেলা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments