Image description

মাদারীপুর পৌর শহরের মিলন সিনেমা সংলগ্ন সীতানাথ সড়কের শরীফুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল আনুমানিক ৬টার দিকে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোর  বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

বাড়ির মালিক শরিফুল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সবাই একটি ইফতার মাহফিলে অংশ নিতে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে চোর ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।

তিনি আরও বলেন, “আমরা বাসায় না থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে এই চুরি করেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।