Image description

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে চলা আন্দোলনে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই হামলার পর পুরো ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে সকালে প্রধান ফটকে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করার সময় হঠাৎ একদল বহিরাগত দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের অতর্কিত হামলায় তাদের ১০ থেকে ১২ জন সহকর্মী আহত হয়েছেন। তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যে, বাইরের কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। তাই ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই কাউকে এই পদে নিয়োগ দেওয়ার দাবিতে তারা অনড় রয়েছেন।

এদিকে, সংঘর্ষের পর ডুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই