Image description

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চিরসবুজ ক্যাম্পাসে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নবনির্মিত "ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল"-এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৮ মে) দুপুর ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরাতন আমেরিকান কলোনি সংলগ্ন মনোরম পরিবেশে এই কনফারেন্স হলটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে ও বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন মিয়া।

বক্তব্যে মো. হুমায়ুন মিয়া বাকৃবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে পূবালী ব্যাংকের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন এবং এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এদিন তিনি কনফারেন্স হলের জন্য পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ১০০ ইঞ্চির দুটি অত্যাধুনিক স্মার্ট টিভি ভাইস-চ্যান্সেলরের নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন; কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, পশু পালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. মো. রুহুল আমীন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সোনালি দলের সভাপতি ও মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি সহযোগিতার জন্য পূবালী ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 

উপাচার্য আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউসকে কেন্দ্র করে আরও আন্তর্জাতিক মানের প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরিচালকবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরসহ আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।