Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় ও বিতর্কে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে ওই শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় অনুমোদন পায়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্ট ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে-এমন অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আবদুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুসহ জনপ্রিয় শিল্পীদের গান পরিবেশন করে ফেসবুকে ভাইরাল হন, যা নিয়ে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।