Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া বিশ্বকাপ ম্যাচ দেখাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরেক শিক্ষার্থীর হলে ও ক্যাম্পাসে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২২ জুন সেলিম আল দীন মুক্তমঞ্চে ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ প্রদর্শনের সময় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী হলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মো. আসাদুজ্জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রণীত শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।

এছাড়া দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শাহানুর রহমানের বিরুদ্ধে তদন্ত চলাকালে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ, আবাসিক হলে অবস্থান এবং ক্যাম্পাসে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. শামছুল আলমকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, শেরেবাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট ড. মো. নজরুল ইসলাম এবং মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।