Image description

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এক রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে পরাজিত করেছে তুরস্ক। তবে এই নাটকীয় জয়ের পরও পয়েন্ট টেবিলের জটিল সমীকরণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তুর্কিদের।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের মাত্র ৩ মিনিটে অস্টন ট্রাস্টির গোলে লিড নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি তুরস্ক; ১০ মিনিটে তরুণ তারকা আর্দা গুলারের দর্শনীয় গোলে সমতায় ফেরে তারা। এরপর ৩১ মিনিটে বারিশ আল্পের ইলমাজ গোল করে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে বিরতিতে যান।

বিরতির ঠিক পরেই ৪৯ মিনিটে যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান বারহাল্টার গোল করে ম্যাচটিতে ২-২ সমতা আনেন। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে লড়তে থাকে। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইনজুরি টাইমের অষ্টম মিনিটে কান আয়হান দুর্দান্ত এক গোল করে তুরস্কের জয় নিশ্চিত করেন।

ম্যাচের পরিসংখ্যানে দেখা যায়, বল দখল ও আক্রমণে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে ছিল। তুরস্কের গোলমুখে তারা ৭টি অন-টার্গেট শট নিলেও তুরস্কের গোলরক্ষক ও রক্ষণভাগ দারুণ প্রতিরোধ গড়ে তোলে। অন্যদিকে তুরস্ক মাত্র ১০টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রেখে ৩টি গোল আদায় করে নেয়।

তবে এই বীরত্বগাথা জয়ও তুরস্ককে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারেনি। গ্রুপ ‘ডি’-র চূড়ান্ত পয়েন্ট তালিকায় দেখা যায়, ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। আর এই জয়ের পর ৩ পয়েন্ট পেলেও টেবিলের তলানিতে থাকায় বিশ্বকাপ মিশন শেষ হলো ভিনসেনজো মন্টেলার শিষ্যদের।

মানবকণ্ঠ/ডিআর