Image description

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষে রাত ১টার দিকে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আবারও বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই ঘটনায় আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের থামাতে গিয়ে আহত হয়েছেন সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, “বসার জায়গা নিয়ে একটি তুচ্ছ ঘটনা থেকে এই হাতাহাতির সূত্রপাত। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উপাচার্য মহোদয়সহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে বসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে ভাব থাকলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর