Image description

দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই দিনে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার ও মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের তথ্য জানায়।

নতুন নিয়োগ পাওয়া উপাচার্যরা হলেন—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক আবু সাদাত সায়েম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাকির হুসাইন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আসাদুজ্জামান।

এর আগে সোমবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়েও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

এদিকে ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, নওগাঁ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যরা চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য বিধি অনুযায়ী তাদের নিয়োগ কার্যকর হবে।