Image description

আওয়ামী লীগের 'নাশকতা ও নৈরাজ্য' ঠেকাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পরপরই তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় শিবিরের বিশাল সমাবেশ হয়েছে।

মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা বিএনএস, খিলক্ষেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমণ্ডি-৩২, সায়েন্সল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে তারা দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে 'আওয়ামী লীগের নাশকতা ও আগুনসন্ত্রাসের' বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে শিবির।

এদিকে, রামপুরা ও উত্তরার চারটি পয়েন্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অবস্থান নিয়েছে। এছাড়া ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা 'আওয়ামী লীগের নাশকতা' প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বুধবার রাতে 'আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের' প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

প্রসঙ্গত, বুধবার 'আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাস' প্রতিরোধে সারাদেশে নেতাকর্মীদের মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করে আট দল। এক সংবাদ সম্মেলনে বলা হয়, 'ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।' একই সঙ্গে 'ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার' আহ্বান জানানো হয়েছে।