সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।




Comments