Image description

রাজধানীর চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাগবিতণ্ডার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “ম্যাজিস্ট্রেট ও ব্যবসায়ীর মধ্যে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, সেজন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। তবে মনে রাখতে হবে, যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। তাদের বিরুদ্ধে অভিযান চলবে।” এছাড়া পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালে থাকে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাশেম বলেন, “ব্যবসায়ী ও ম্যাজিস্ট্রেটের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, তা কিছুটা অতিরঞ্জিত হয়ে গেছে। এটি একটি দুঃখজনক ঘটনা। সংশ্লিষ্ট ব্যবসায়ী ইতিমধ্যে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না এবং ব্যবসায়ীরা আগের মতোই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সব ধরনের সহযোগিতা করবে।”

এর আগে ডিএমপি কমিশনার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং জানান যে, দিবসটি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।

মানবকণ্ঠ/ডিআর