ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৮ মাস ধরে তালাবদ্ধ থাকা পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম খান এবং পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণসহ বেশ কিছু নেতাকর্মী একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে উত্তোলন করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ বলে স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল ফটকটি আগের মতোই তালাবদ্ধ ছিল।
এর আগে আরেকটি ভিডিওতে দেখা গেছে, একই কার্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পতাকা উত্তোলন করে একদল তরুণ স্লোগান দিচ্ছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল জানান, “এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমাদের কাছে আগে তথ্য ছিল না। বিষয়টি বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। এরপর থেকেই নেতাকর্মীরা গ্রেপ্তারের আশঙ্কায় আত্মগোপনে চলে যান এবং কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসে নেতাকর্মীদের এই কর্মকাণ্ড নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments