Image description

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক আলিম (৪৮) ও যাত্রী হারুনুর রহমান (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা হ্যাপি আক্তার (২২) ও নিহত হারুনুর রহমানের স্ত্রী বৃষ্টি আক্তার (২৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক আলিম ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত হ্যাপি আক্তার ও বৃষ্টি আক্তারের চিকিৎসা এখনও চলছে।

নিহত হারুনুর রহমানের আত্মীয় নাবিল জানান, তারা রাত সাড়ে ১০টার দিকে মহাখালী যাওয়ার জন্য সিএনজি চালাচ্ছিলেন। তখন তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় সিএনজি একটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত চারজনের মধ্যে দুইজন মারা গেছেন এবং দুইজন নারীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আহতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার দশ কানিয়া গ্রামে।

মানবকণ্ঠ/আরআই