রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজম পেশায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে আলী আজম ব্যক্তিগত প্রয়োজনে খিলগাঁও নন্দীপাড়া বাজারে বাজার করতে গিয়েছিলেন। বাজার শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
নিহতের মেয়ে শিখা জানান, দুর্ঘটনার খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আলী আজম কুমিল্লা জেলার লাকসাম থানার বাসিন্দা ছিলেন। তিনি মৃত নওয়াব আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া ৫ নম্বর রোডের একটি বাসায় বসবাস করতেন। ব্যাংক থেকে অবসর নেওয়ার পর তিনি ধর্মীয় ও সাংসারিক কাজেই সময় কাটাতেন। বাজার করতে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (খিলগাঁও থানা) জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর অলিগলিতে বেপরোয়া গতিতে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলো দিন দিন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
মানবকণ্ঠ/আরআই




Comments