Image description

ঈদের আনন্দ রেশ কাটতে না কাটতেই জীবিকার তাগিদে যান্ত্রিক শহর ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। হাতে কয়েকদিন ছুটি থাকলেও অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে এবং কর্মস্থলে যোগ দিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই রাজধানীতে ফিরছেন তারা।

রোববার (২২ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং বিভিন্ন বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে।

সরেজমিনে দেখা যায়, রোববার ভোরে সদরঘাটে একে একে ভিড়তে থাকে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চগুলো। যাত্রীদের মধ্যে কেউ ৩-৪ দিন আগে বাড়ি গিয়েছিলেন, আবার কেউ মাত্র একদিনের ছুটি কাটিয়েই শহরে ফিরেছেন। বাস টার্মিনালগুলোতেও ছিল একই চিত্র। তবে এবারের ফিরতি যাত্রায় যানজট বা বড় কোনো ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

যাত্রাবাড়ীর একটি রেস্টুরেন্টের বাবুর্চি মনির হোসেন জানান, তিনি পরিবারের সঙ্গে ঈদ করতে শেরপুর গিয়েছিলেন। কাজের চাপ থাকায় একদিন পরেই ফিরতে হয়েছে। তিনি বলেন, ‘কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই ঢাকায় ফিরলাম। রাস্তায় তেমন ভিড় বা জ্যাম ছিল না, তাই বেশ স্বস্তিতেই পৌঁছাতে পেরেছি।’

লঞ্চ ও বাস যাত্রীরা জানিয়েছেন, ঈদের পরের দিন হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ কম ছিল। ফলে যাতায়াতে সময় কম লেগেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়নি। তবে আগামী দু-একদিনের মধ্যে ঢাকায় ফেরার এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর