Image description

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি অ্যাম্বুল্যান্সে জ্বালানি তেল না থাকায় সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে সদর হাসপাতালে নেওয়ার পথেই খোকা মিয়া (৬০) নামে গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ‘জ্বালানি সংকটে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ’ শীর্ষক নোটিশ ঝোলানো থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামে এক সড়ক দুর্ঘটনায় এই ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া ওই গ্রামের আছমতউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে খোকা মিয়া গুরুতর আহত হন। স্থানীয় যুবকরা তাকে উদ্ধার করে দ্রুত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সরকারি অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প উপায়ে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মাঝেই তার মৃত্যু ঘটে।

সরেজমিনে দেখা গেছে, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গত ১৮ মার্চ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বাক্ষরিত একটি নোটিশ টানানো রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় পর্যায়ে তেল সংকটের কারণে সাময়িকভাবে অ্যাম্বুল্যান্স সেবা বন্ধ রয়েছে।’

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অয়ন মন্ডল বলেন, “রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। আমরা তাকে সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। কিন্তু অ্যাম্বুল্যান্সে তেল না থাকায় সময়মতো তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রুহুল আমিন জানান, জ্বালানি তেলের সংস্থানের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।

এদিকে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “আমি জানতে পেরেছি তেল সংকটের কারণে হাসপাতালে অ্যাম্বুল্যান্স সেবা সাময়িকভাবে বন্ধ আছে। তেলের পাম্পগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত জ্বালানির ব্যবস্থা করার চেষ্টা চলছে।”

জরুরি মুহূর্তে সরকারি সেবা বন্ধ থাকায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য ব্যবস্থাপনার এমন অব্যবস্থাপনা ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে। তারা অতিদ্রুত এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর