আগামীকাল সোমবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। বাড়িতে চলছিল উৎসবের ধুম। কিন্তু বিয়ের ঠিক আগের দিন বোন ও দুলাভাইকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বর জুলফিকার (৩০)। রোববার (২২ মার্চ) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে বিয়ের আনন্দ ছাপিয়ে পুরো পরিবারে এখন শোকের মাতম চলছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার জুলফিকারের বিয়ের দিন ধার্য ছিল। সেই উপলক্ষে বোন ও দুলাভাইকে আনতে তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের গড়মাটি এলাকায় পৌঁছালে তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাটি এতটাই শক্তিশালী ছিল যে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনের অংশের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে এবং জুলফিকারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি মনিরুজ্জামান আরও জানান, সড়ক দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এক নিমেষেই একটি পরিবারের বিয়ের রঙিন উৎসব এখন বিষাদে পরিণত হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments