রাজধানীর রায়েরবাজার এলাকায় অবস্থিত সাদেক খান কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইউনিটগুলো। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বাজারটিতে মূলত বিভিন্ন এলাকা থেকে আসা কৃষিপণ্য সংরক্ষণ ও পাইকারি বিক্রি করা হতো। গভীর রাতে হঠাৎ আগুন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments