বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন মঙ্গলবার (২৪ মার্চ)। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করা সাকিবের বিশেষ এই দিনেই এলো এক বড় সুখবর। টাইগার ক্রিকেটের এই ‘পোস্টার বয়’কে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
প্রধান নির্বাচক জানিয়েছেন, সাকিবকে কেবল একটি সিরিজের জন্য নয়, বরং অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে চায় বোর্ড। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমার মনে হয় সাকিবের আরও অন্তত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সামর্থ্য আছে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যেন সে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।’
তবে সাকিবের মাঠে ফেরা নিয়ে আবেগপ্রবণ না হয়ে বাস্তবসম্মত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন সুমন। তিনি বলেন, ‘সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই। সে এসেই পরশু খেলে ফেলবে না; সাকিবের প্রস্তুতির প্রয়োজন আছে। এটি কোনো ইমোশনাল জায়গা নয়। ও যখন ফিরবে, তখন যেন পুরোপুরি প্রস্তুত হয়েই ফেরে।’
সাকিব আল হাসানকে ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচক জানান, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য বজায় থাকে। এখন সাকিবের বিরুদ্ধে চলমান মামলার আইনি সমাধান এবং মাঠের প্রস্তুতি—এই দুইয়ের সমন্বয়েই নির্ধারিত হবে কবে নাগাদ আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যাবে দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটারকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments