Image description

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটা ফাঁকা থাকায় বায়ুর মানে বেশ উন্নতি দেখা গিয়েছিল। তবে ছুটি কাটিয়ে সাধারণ মানুষের ফেরা এবং যানবাহনের চাপ বাড়তেই জনাকীর্ণ এই শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। 

বুধবার (২৫ মার্চ) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই রয়েছে ঢাকার নাম।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই মানের বাতাস বিশেষ করে শিশুদের জন্য এবং ফুসফুসজনিত সমস্যায় ভোগা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ।

এদিন সকালের তথ্যমতে, ২৫৮ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বজুড়ে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং (স্কোর ২৩৩) এবং ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এরপরে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই ও সৌদি আরবের রিয়াদ অবস্থান করছে।

বায়ুমান সূচকে একিউআই স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া স্কোর ৩০১ এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ছুটির পর কলকারখানা চালু হওয়া এবং রাজপথে যানবাহনের আধিক্য বায়ুদূষণের মাত্রা দ্রুত বাড়িয়ে দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর