Image description

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অবৈধ মজুত রোধে কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান।

প্রাথমিকভাবে রাজধানীর দুইটি ফিলিং স্টেশনে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। স্টেশন দুটি হলো—আসাদগেটের ‘সোনার বাংলা’ এবং তেজগাঁওয়ের ‘ট্রাস্ট ফিলিং স্টেশন’। পরীক্ষামূলক পর্যায়ে মূলত মোটরসাইকেল চালকদের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুগ্ম সচিব জানান, এই ডিজিটাল পদ্ধতিতে তেল সংগ্রহের জন্য চালকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ১০ হাজারেরও বেশি গ্রাহক অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। তিনি বলেন, “আমরা এই কার্যক্রমটি ধীরে ধীরে পুরো ঢাকা শহর এবং পরবর্তীতে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছি।”

নিবন্ধনের প্রক্রিয়া
ডিজিটাল ফুয়েল পাস পেতে গ্রাহককে সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে:
১. জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইট (fuelpass.gov.bd) অথবা ‘Fuel Pass’ অ্যাপে প্রবেশ করতে হবে।
২. যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর প্রদান করতে হবে।
৩. এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং যানবাহনের মডেল বা উৎপাদনের বছর দিয়ে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে।
৪. তথ্য সঠিক থাকলে গ্রাহকের মোবাইল নম্বর দিতে হবে এবং ফোনে আসা ওটিপি (OTP) কোডটি ইনপুট দিতে হবে।
৫. সবশেষে একটি পাসওয়ার্ড সেট করলেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

সফল নিবন্ধনের পর চালক একটি ইউনিক কিউআর কোড পাবেন। পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার সময় এই কোডটি প্রদর্শন করলে পাম্প কর্তৃপক্ষ বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করবে। সরকারের এই উদ্যোগের ফলে জ্বালানি অপচয় কমবে এবং সুষম বণ্টন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর