Image description

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে অটোমোবাইল খাতের সবথেকে বড় আয়োজন ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। সেমস-গ্লোবাল ইউএসএ-এর আয়োজনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই মেলা উন্মুক্ত করা হয়।

বিগত ১৮ বছরের ধারাবাহিকতায় এবারের অটো সিরিজে একই সঙ্গে মোট ৫টি ভিন্ন ক্যাটাগরির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে— প্রথম- ১৯তম ঢাকা মোটর শো, দ্বিতীয়- ১০ম ঢাকা বাইক শো; তৃতীয়- ৯ম ঢাকা অটো পার্টস শো; চতুর্থ- ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ও পঞ্চম- ৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো।  

এবারের প্রদর্শনীতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের ৭০টিরও বেশি কোম্পানি প্রায় ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করেছে। মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস এবং ডংফেনের মতো নামী ব্র্যান্ডগুলো তাদের নতুন মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছে। এছাড়া টু-হুইলার সেগমেন্টে রয়েছে জিহো, সিএফ মটো ও ভিমোটোর মতো ব্র্যান্ড। ফোটন ও ফোরল্যান্ডের মতো বাণিজ্যিক যানের পাশাপাশি মেলায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেইকল (ইভি)।

প্রদর্শনীটির উদ্বোধন করেন সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম.এ. কামাল বিল্লাহ, বিআরটিসি-র পরিচালক (যুগ্ম-সচিব) ড. অনুপম সাহা, বিডার (BIDA) মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ।

উল্লেখ্য, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি।

অটোমোবাইল প্রেমীদের জন্য এই প্রদর্শনী চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। নতুন মডেলের গাড়ি ও বাইক দেখার পাশাপাশি সরাসরি বুকিং এবং আধুনিক অটো পার্টস সম্পর্কে জানার সুযোগ থাকছে এই আয়োজনে।