Image description

মালয়েশিয়ায় এক মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় এক বাংলাদেশি তরুণ (২২) নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি নারী ও ই-হেইলিং (ট্যাক্সি) চালক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স (MEX) হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত ‘ফোর্ড ফিয়েস্তা’ গাড়িটি নিয়ে ভুল পথে হাইওয়েতে ঢুকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা বিমানবন্দর ফেরত একটি ‘পেরোদুয়া আলজা’ ট্যাক্সিকে গাড়িটি সরাসরি ধাক্কা দেয়।

ট্যাক্সিটিতে ২২ বছর বয়সী এক তরুণ ও ২০ বছর বয়সী এক তরুণীসহ দুই বাংলাদেশি নাগরিক যাত্রী হিসেবে ছিলেন। তারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ফিরছিলেন। সংঘর্ষে পেছনের আসনে বসে থাকা বাংলাদেশি তরুণটি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বাংলাদেশি নারী ও ৪১ বছর বয়সী ট্যাক্সি চালককে কুয়ালালামপুর হাসপাতালে (এইচকেএল) ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহত বাংলাদেশিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত সেনা কর্মকর্তার ব্রেথঅ্যালাইজার পরীক্ষায় দেখা গেছে তার রক্তে অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি ছিল। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর দায়ে সড়ক পরিবহন আইনের ৪৪(১) ধারায় মামলা করা হয়েছে।

এদিকে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিন এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হলেও পুরো বিষয়টি বেসামরিক পুলিশের এখতিয়ারে তদন্ত করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং দোষী সাব্যস্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/ডিআর