রাজধানীর অভিজাত এলাকা গুলশানে শামীম সালিম কাশিম নামে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তি ঠিক কোন দেশের নাগরিক এবং ঘটনার প্রকৃত কারণ কী—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাকে কেন বা কারা পিটিয়ে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গুলশান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments