Image description

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনের ১১ তলার ছাদ থেকে নিচে পড়ে আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল-মোকাব্বর কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার আকুবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং তার বাবার প্রতিষ্ঠিত একটি স্কুল দেখাশোনা করতেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ওই বাসার দুটি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গায় কংক্রিটের ওপর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আল-মোকাব্বর অসাবধানতাবশত ১১ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর