ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত এবং দুজন আহত হয়েছে। নিহতরা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে তেঘরিয়া যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে চার বন্ধু মিলে অটোরিকশা নিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ যাওয়ার পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজন নামে দুই ভাই নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments