Image description

রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে পল্লবী থানার সেকশন-৬ এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজ ওই ফ্ল্যাটে দীর্ঘ ১২ বছর ধরে একাই বসবাস করতেন। তাঁর স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। পারিবারিক কলহের জেরে এক যুগেরও বেশি সময় আগে তিনি দেশে ফিরে একা থাকতে শুরু করেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, সর্বশেষ ২৬ মে রাতে তাঁর ভাতিজা মুঠোফোনে সেলিনার সঙ্গে কথা বলেছিলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর আর কোনো খোঁজ পাচ্ছিলেন না। পুলিশের প্রাথমিক ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন বদ্ধ ঘরে পড়ে থাকায় মরদেহটিতে পচন ধরেছে।

বুধবার রাতে ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি পল্লবী এলাকায় আরও একটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/আরআই