Image description

দীর্ঘ এক বছর কারাবরণের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) দিবাগত রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তিনি মুক্তি পান। কারামুক্ত হয়ে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটি ‘মানবিক সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।

রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান আইভী। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বর্তমান সরকারের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সবাইকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। কারাগারে আমার মতো আরও অনেক নিরপরাধ মা রয়েছেন, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে। পাশাপাশি আমি বিচার বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বাসায় প্রবেশের পর আইভী তাঁর আঙিনায় থাকা মাজার জিয়ারত করেন এবং কান্নায় ভেঙে পড়া স্বজনদের সান্ত্বনা দেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দেওভোগ এলাকায় পুলিশের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

আইনজীবী সূত্রে জানা গেছে, গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত সিদ্ধিরগঞ্জ থানার সর্বশেষ দুটি মামলায় আইভীর জামিন বহাল রাখেন। এর ফলে তাঁর মুক্তির পথে সব আইনি বাধা দূর হয়।

আইভীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, এস এম সিদ্দিকুর রহমান ও এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আইনজীবীরা জানান, উচ্চ আদালতের জামিন আদেশ ও আপিল বিভাগের নির্দেশনা কারাগারে পৌঁছানোর পর বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পান সাবেক এই মেয়র। তাঁর মুক্তিতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁর সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর