Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজ উপলক্ষে মিরপুর স্টেডিয়াম এলাকায় ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগামী কয়েকদিন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নির্দিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ও দুই দলের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৯ জুন) প্রথম ওয়ানডে, বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন (রোববার) তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব খেলা ও নির্বাচন চলাকালীন দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ডিএমপি সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের প্রশিকা রাস্তাটি পরিহার করার অনুরোধ জানিয়েছে। বিকল্প হিসেবে মিরপুর-১ গামী সব যানবাহনকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাঁহ মাঠ হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, যাত্রী ও চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

মানবকণ্ঠ/ডিআর