Image description

টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা ভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই লড়াকু ফুটবল উপহার দেয় দুই দল। তবে প্রথমার্ধের ৪২ মিনিটে পেয়ারি জাজার গোলে এগিয়ে যায় ভারত। পিছিয়ে পড়লেও দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণা চাকমা ঠান্ডা মাথায় বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ধাক্কা খায় বাংলাদেশ। বিরতি শেষে খেলা শুরুর প্রথম মিনিটেই জাজার ক্রস থেকে হেডে গোল করে ভারতকে আবারও এগিয়ে দেন ম্যাচসেরা সানফিদা।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কয়েকটি আক্রমণও গড়ে তোলে মারিয়া মান্দা-আফঈদা খন্দকাররা। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচে ফেরা হয়নি তাদের।

উল্টো ম্যাচের ৮২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান আরও বাড়ান লিয়ান্ডা কম। এরপর আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এর মধ্য দিয়ে সাত বছর পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। অন্যদিকে ২০২২ ও ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার স্বাগতিক ভারতের বাধা টপকাতে পারেনি।

তবে শিরোপা হারালেও টানা তৃতীয় ফাইনাল খেলে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে বাংলাদেশ।